
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়া ইসলামিয়া পটিয়া-তে আজ এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জামাতে নুহুমের মারকাজী পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামাতে নুহুমের শিক্ষার্থী মোহাম্মদ তানজিদ এবং নাতে রাসূল ﷺ পরিবেশন করেন জামাতে দুয়ামের ছাত্র আম্মার রেজা।
অনুষ্ঠান সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্য দেন জামিয়া পটিয়ার তাফসীর বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা সলিমুদ্দীন মাহদী কাসেমী।
স্বাগত বক্তব্য রাখেন জামিয়া পটিয়ার মুহাদ্দিস ও নাজিমে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী ও নায়েবে নাজেমে তালিমাত মাওলানা হাফেজ জাকারিয়া আজহারী।
এই সময় নাজিমে তালিমাত মুফতি জসিম উদ্দিন সাহেব ছাত্রদের লেখার প্রতি মনোনিবেশ ও নিয়মিত অধ্যবসায়ের গুরুত্বারোপ করেন।
মাওলানা জাকারিয়া আজহারী তার বক্তব্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং দ্বীনি জ্ঞানের মর্যাদা তুলে ধরেন।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সাহেব সংস্থার গঠন প্রক্রিয়া, আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, ২০১১ সাল থেকে এই সংস্থা পরীক্ষা পরিচালনা করে আসছে এবং জামিয়া পটিয়া অন্তর্ভুক্ত হওয়ার পর এর স্বীকৃতি ও মর্যাদা আরও সমৃদ্ধ হয়েছে।
আরও আলোচনা করেন শাহ রশিদিয়া রাব্বানিয়া সাতবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তাকওয়া, নেক আমল এবং আল্লাহমুখী জীবনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষভাবে ভূমিকা রাখেন ইত্তেহাদের আঞ্চলিক শাখার সহকারী মুদিরে ইমতিহান ও জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, এবং অন্তর্ভুক্ত বিভিন্ন মাদ্রাসার জিম্মাদারগণ।
পরিশেষে সভাপতির বক্তব্য রাখেন আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদবী হাফিজাহুল্লাহ। তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে ওস্তাদদের অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন এবং এই ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত সকল অতিথি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষার এই প্রতিযোগিতাকে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার প্রকৃত প্রতিযোগিতা হিসেবে অব্যাহত রাখার আহ্বান জানান।

