Fazelane Jamia Patiya Foundation এর আনুষ্ঠানিক পথচলা শুরু

Fazelane Jamia Patiya Foundation এর আনুষ্ঠানিক পথচলা শুরু
আল—জামিয়া ইসলামিয়া পটিয়া দক্ষিণ এশিয়ার সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামিয়া তার ফাযিলগণের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক সংরক্ষণ, পরস্পরের সুখ—দুঃখের ভাগাভাগির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সুদৃঢ় ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ নির্মাণে বিশ্বাসী।
এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে “ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন”— এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। যার মাধ্যমে দেশ—বিদেশে ছড়িয়ে থাকা জামিয়ার ফারেগদের সুসংগঠিত করা, পরস্পরের সম্পর্ক আরও মজবুত করা, এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের ফারেগিনদের মধ্যে অটুট সেতুবন্ধন রচনা করে মাদরে ইলমীর সঙ্গে স্থায়ী যোগাযোগ বজায় রাখাই এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
ইতোমধ্যে মক্কা—মদিনা, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে আহ্বান কমিটি গঠনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় গত ১২ জুলাই, শনিবার, “ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন”, ঢাকা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকাল বাদে জোহর জামিয়ার জামে মসজিদে ছাত্র—শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়। জামিয়ার মুহতামিম ও ফাজেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আবু তাহের কাসেমী নদভী উদ্বোধনী বক্তব্যে বলেন—“ইনশাআল্লাহ, এই ফাউন্ডেশন জামিয়া পটিয়ার সাথে ফাযেলদের একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মীর কাউসার খলীল জানান—আজ শিক্ষকমণ্ডলীর ফরম পূরণের মধ্য দিয়ে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জামিয়ার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপনকারী, দাওরায়ে হাদীসের ফাযেল এবং তাখাসসুস সম্পন্নকারীসহ সকল প্রাক্তন শিক্ষার্থী এ ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন।
তিনি আরও বলেন, সদস্যপদ গ্রহণের জন্য ন্যূনতম ৫০০ টাকা ফি নির্ধারিত হলেও জামিয়ার প্রধান স্বয়ং এক লক্ষ টাকা প্রদান করে আনুষ্ঠানিকভাবে ফরম পূরণ করেছেন, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।
ফাউন্ডেশনের পরিচয়পত্র ভবিষ্যতে দস্তারবন্দী অনুষ্ঠানের নিবন্ধন হিসেবেও কার্যকর হবে। দেশে অবস্থানকারীরা সরাসরি, আর প্রবাসী বা দূরবর্তী অঞ্চলে অবস্থানকারীরা অনলাইনের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে দোয়া—মুনাজাতে জামিয়ার অসুস্থ মুরব্বিদের আরোগ্য, ফাউন্ডেশনের সাফল্য ও জামিয়ার সকল কার্যক্রমের কবুলিয়াত কামনা করে করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print