গত ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০২৬ ইংরেজি, সোমবার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহি’র ইন্তেকালে জামিয়ার মজলিসে শূরার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত মজলিশে শুরার বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া বাবুনগরীর সম্মানিত মুহতামিম, পীরে কামেল মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব।
বৈঠকের শুরুতে শুরার সদস্যগণ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদ্যসাবেক মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নদভী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে তাঁর উচ্চ মাকামের জন্য কায়মনোবাক্যে দুআ করেন।
উক্ত বৈঠকে সর্বসম্মতিক্রমে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী সাহেবকে মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা এমদাদুল হক (সুফী সাহেব)কে সদরে মুহতামিম হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও জামিয়ার শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক জনাব মাওলানা মুফতী জাকারিয়া আজহারী সাহেবকে নায়েবে মুহতামিম এবং জামিয়ার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা উসামা হারুন আজহারী সাহেবকে মুঈনে মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়।
একই সঙ্গে জামিয়ার প্রয়াত মুহতামিম মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে জনাব মাওলানা মাহমুদুল হাসানকে জামিয়ার শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত মুহতামিম আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী দামাত বারাকাতুহুম এর প্রতিনিধি জনাব মুফতী জসিম উদ্দীন সাহেব, জামিয়া ওবাইদিয়া নানুপুরের সম্মানিত মুহতামিম জনাব পীরে কামেল মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব জনাব মাওলানা মাহফুজুল হক সাহেব,জামিয়া আরাবিয়া জিরীর মুহতামিম হযরত মাওলানা খোবাইব সাহেব, জামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক মুফতী জসিম উদ্দীন কাসেমী,জামিয়া মাদানিয়া শুলকবহরের নায়েবে মুহতামিম মাওলানা হারুন সাহেব,রাজঘাট মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আমানুল্লাহ সাহেব,মাওলানা আলী হাস্সান চোধুরী কক্সবাজার,হাজি এনামুল হক, মাওলানা আশেক ইসমাইল, মাওলানা আব্দুর রহীম, মাওলানা ড.আহমদ হারুন আছিম।
আল্লাহ তাআলা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মুহতামিমসহ সংশ্লিষ্ট সকলকে দ্বীনের এই গুরুদায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তাওফীক দান করুন।

