হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর, বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি, প্রবীণ আলেম, পীরে কামেল আল্লামা নুরুল হক (রহ.)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুম আল্লামা নূরুল হক সাহেব আনুমানিক ১৯৪১ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া (দাতামা) গ্রামের এক সম্ভ্রান্ত দ্বীনদার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষার পর তিনি সুয়াগঞ্জ বাজারের জোলাই ইসলামিয়া মাদ্রাসায় এবং পরবর্তীতে উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষালাভ করেন। ১৯৬৯ সালে সেখান থেকে কৃতিত্বের দাওরায়ে হাদিস সম্পন্ন করে এবং পরবর্তীতে তাফসীর বিষয়ে বিশেষ পড়াশোনা সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি ১৯৭১ সালে ফরিদপুরের একটি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে ইলমে দ্বীনের খিদমত শুরু করেন। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে কুমিল্লার ঐতিহ্যবাহী বটগ্রাম মাদ্রাসায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির সহকারী মুহতামিম এবং ১৯৯০ সালে মুহতামিমের গুরুদায়িত্ব লাভ করে আমৃত্যু তা সুনামের সাথে আঞ্জাম দিয়ে যান।
দীর্ঘ জীবনে সুন্নতে নববীর প্রচার-প্রসার, বটগ্রাম মাদরাসা, দাতামা মাদরাসাসহ বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিহ বুখারি শরিফের দরস প্রদান এবং দাতামা মাদরাসাসহ অনেক মাদরাসা প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর ইলমি ও আমলি অবদানে গড়ে উঠেছেন হাজারো আলেম ও মুহাদ্দিস। তাঁর সাদাসিধে জীবনযাপন, তাকওয়াপূর্ণ চরিত্র এবং হৃদয়গ্রাহী আধ্যাত্মিক নসিহত দ্বীনদার মুসলমানদের জন্য যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি শায়খুল ইসলাম মুফতি ফয়জুল্লাহ (রহ.), মাও. মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর সান্নিধ্য লাভ করেন এবং মাও. আব্দুল হালীম সাহেব (প্রকাশ উলামা বাজার হযরত) খেলাফত অর্জন করেন। ইলম ও আমলের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তাঁর জীবনে। ইখলাস, বিনয়, সুন্নতের ইত্তেবা এবং বেদআতের বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁর বর্ণাঢ্য জীবনের মূল ভূষণ ছিল।
গত ১৩ অক্টোবর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার রাত ১১:50 মিনিটে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে ১৪ অক্টোবর ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১১:০০ টায় শুয়াগাজী হাইস্কুল মাঠে হাজারো ওলামায়ে কেরাম, ছাত্র ও ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জন্মভূমি দাতামায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আসাতেজায়ে কেরাম ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করছেন। মহান আল্লাহ তাঁর দ্বীনি খেদমতসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র, শিক্ষক ও সহকর্মীদের সবরে জামিল দান করুন। আমীন।

শোকজ্ঞাপনে-
আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী
মুহতামিম:আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
সভাপতি: আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

